সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জামায়াতের আমির আটক

নির্বাচনের আগমুহূর্তে লাগেজে বিপুল অর্থ উদ্ধার • আর্মি হেফাজতে বেলাল উদ্দিন • টাকার উৎস নিয়ে জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬, নিউ চ্যানেল বিডি

সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকার বেশি অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি আর্মি হেফাজতে রয়েছেন। তার লাগেজ থেকে উদ্ধার হওয়া অর্থের সুনির্দিষ্ট পরিমাণ গণনা করা হচ্ছে বলে জানা গেছে।

নীলফামারী থানার ওসির সঙ্গে কথা হলে তিনি প্রাথমিকভাবে জানান, বেলাল উদ্দিন প্রধানকে আটক করা হয়েছে এবং তার লাগেজে ৫০ লাখ টাকার অধিক নগদ অর্থ পাওয়া গেছে। তবে এই অর্থের সন্তোষজনক ব্যাখ্যা তিনি তাৎক্ষণিকভাবে দিতে পারেননি। এর বাইরে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।

প্রাথমিকভাবে পাওয়া একটি ভিডিও বার্তায় বেলাল উদ্দিন দাবি করেছেন, তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এবং ব্যবসায়িক প্রয়োজনে এই অর্থ বহন করছিলেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জানা গেছে, ইউএস-বাংলার একটি ফ্লাইটে দুপুর ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তিনি। লাগেজ স্ক্যানিংয়ের সময় বিপুল পরিমাণ নগদ অর্থ ধরা পড়ে। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এখনো গণমাধ্যমের সঙ্গে বিস্তারিত কথা বলেননি। উদ্ধার হওয়া অর্থের প্রকৃত পরিমাণ এবং এর উৎস সম্পর্কে নিশ্চিত হতে সংশ্লিষ্টরা তদন্ত চালাচ্ছেন।

নির্বাচনের আগের দিন সারাদেশে যখন যৌথ বাহিনীর তল্লাশি জোরদার রয়েছে, ঠিক সেই সময় এত বিপুল পরিমাণ নগদ অর্থ বহনের ঘটনা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।