স্টাফ রিপোর্টার | ৩১ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
রাজধানীতে স্কুল চলাকালীন সৃষ্ট যানজট থেকে মুক্তি পেতে বিকল্প ব্যবস্থা খুঁজতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রাজধানীর স্কুলগুলোতে শিক্ষার্থীদের যাতায়াতের সময় ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে—এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে ব্যক্তিগত গাড়ির ভিড় কমিয়ে কীভাবে সুশৃঙ্খল যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা যায়, সে বিষয়ে দ্রুত প্রস্তাবনা তৈরির নির্দেশনা দেন তিনি।
আলোচনায় উঠে আসে, রাজধানীর কিছু স্কুলে মাত্র দেড়শ শিক্ষার্থীর জন্য প্রায় একশটি ব্যক্তিগত গাড়ি স্কুলের সামনে ভিড় করে। ফলে মূল সড়কে তীব্র যানজট তৈরি হয়, যা সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীদের সময়মতো স্কুলে পৌঁছাতেও বাধা সৃষ্টি করে।
এই সমস্যা সমাধানে আধুনিক ও কার্যকর বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।





