স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে সাংবাদিকদের সক্রিয় ভূমিকার আহ্বান সার্জিস আলমের

নির্বাচনে অনিয়ম ও প্রভাব বিস্তারের অপচেষ্টা জনসম্মুখে তুলে ধরার আহ্বান; পঞ্চগড় প্রেস ক্লাব ও সংবাদকর্মীদের সহায়তায় পাশে থাকার প্রতিশ্রুতি

স্টাফ রিপোর্টার , ৯ ফেব্রুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সার্জিস আলম। তিনি বলেন, নির্বাচনের দিন এবং তার আগে-পরে যদি কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা গোষ্ঠী ভোটকে প্রভাবিত করার চেষ্টা করে, পেশীশক্তি প্রয়োগ করে বা আইনশৃঙ্খলা ভঙ্গের অপচেষ্টা চালায়, তাহলে তা জনগণ ও প্রশাসনের সামনে তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব।

তিনি উল্লেখ করেন, একটি স্বচ্ছ নির্বাচনই আগামী পাঁচ বছরের রাষ্ট্র পরিচালনার ভিত্তি গড়ে দেয়। যদি প্রকৃত বিজয়ী প্রার্থীকে প্রভাবের কারণে বিজয়ী ঘোষণা করা না হয়, তাহলে রাষ্ট্র সংস্কার বা উন্নয়নের স্বপ্ন অর্থহীন হয়ে পড়বে। তাই সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রেখে সত্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পঞ্চগড় প্রেস ক্লাবের অবকাঠামোগত উন্নয়নের বিষয়েও সহযোগিতার আশ্বাস দেন সার্জিস আলম। তিনি বলেন, প্রয়োজনীয় উদ্যোগ নিলে এক থেকে দুই বছরের মধ্যেই অনেক উন্নয়ন সম্ভব। পাশাপাশি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীদের জন্য একটি সুসংগঠিত মানদণ্ড বা ক্রাইটেরিয়া নির্ধারণ এবং প্রয়োজনে সেফটি নেট তৈরির আহ্বান জানান তিনি। চিকিৎসা, পারিবারিক সমস্যা বা মেধাবী সন্তানদের শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার প্রতিশ্রুতিও দেন।

তবে তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক দায়িত্বে থাকা কেউ সাময়িকভাবে সাংবাদিক পরিচয় ব্যবহার করলে তা পেশাদার সাংবাদিকদের মর্যাদা ক্ষুণ্ন করে। এ ধরনের চর্চা বন্ধে সংবাদকর্মীদেরই সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সার্জিস আলমের মতে, সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের দর্পণ। তাদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতাই একটি সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি শক্ত করে।