স্টাফ রিপোর্টার, ০৮ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক (আরএমজি) শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান নিশ্চিত করার জন্য শিল্প পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শককে ফোকাল পয়েন্ট হিসেবে নিয়োগ করেছে।
তিনি বলেন, “আমরা সমস্যা সমাধানের জন্য একটি ফোকাল পয়েন্ট নিয়োগ করেছি।” আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির দুটি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঈদের আগে ঈদযাত্রার সময় যাতে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি না হয়, সে জন্য সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি ফোকাল পয়েন্ট হিসেবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে অন্যান্য ইউনিট, বিজিএমইএ, বিটিএমইএ, বিকেএমইএ নেতৃবৃন্দ, শ্রমিক প্রতিনিধি এবং সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সঙ্গে সমন্বয় করবেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, কারখানার মালিকরা সময়মতো বেতন পরিশোধ করতে সক্ষম হবেন এবং সরকার ও ব্যাংকিং খাত প্রয়োজনীয় সব সহযোগিতা প্রদান করবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, ঈদের আগে শ্রমিকদের বেতন-সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধান করার জন্য সহযোগিতা করার।





