স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি যুব অধিকার পরিষদের
ঢাকা, ৮ মে ২০২৫: হত্যা মামলার আসামি ও তথাকথিত ‘ডামি রাষ্ট্রপতি’ আবদুল হামিদকে দেশ ছাড়তে সহায়তা করায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে গণঅধিকার পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ। সংগঠনটির দাবি, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে সারাদেশব্যাপী কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করে সংগঠনটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। কর্মসূচি শেষে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খান, এনডিসির কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় হত্যা মামলার আসামি আবদুল হামিদ, তাঁর পুত্র ও শ্যালকসহ দেশত্যাগ করেছেন। এমন গুরুতর ঘটনায় দায়িত্বে থাকা স্বরাষ্ট্র উপদেষ্টা কীভাবে বিষয়টি অনুমোদন দিলেন, সেই প্রশ্ন তোলে তারা। স্মারকলিপিতে ৪৮ ঘণ্টার মধ্যে জবাবদিহি, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং আবদুল হামিদকে দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়। তা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
প্রতিনিধি দলে ছিলেন— ১. মো. রাশেদ খাঁন – সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ ২. মনজুর মোর্শেদ মামুন – সভাপতি, বাংলাদেশ যুব অধিকার পরিষদ ৩. মুনতাজুল ইসলাম – সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ যুব অধিকার পরিষদ ৪. সৈয়দ মাহবুবুর রহমান – অর্থ সম্পাদক, বাংলাদেশ যুব অধিকার পরিষদ ৫. শাকিলুজ্জামান – দপ্তর সমন্বয়ক, গণঅধিকার পরিষদ ৬. আবু হানিফ – উচ্চতর পরিষদ সদস্য, গণঅধিকার পরিষদ ৭. শহিদুল ইসলাম ফাহিম – উচ্চতর পরিষদ সদস্য, গণঅধিকার পরিষদ ৮. আবদুজ্জাহের – উচ্চতর পরিষদ সদস্য, গণঅধিকার পরিষদ ৯. আব্দুর রহমান – সভাপতি, শ্রমিক অধিকার পরিষদ ১০. রাহুল ইসলাম – সহ-সভাপতি, বাংলাদেশ যুব অধিকার পরিষদ ১১. সৈয়দ রাসেল মুন – যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব অধিকার পরিষদ ১২. নেওয়াজ খান বাপ্পী – সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ১৩. আবু মনসুর সাজু চৌধুরী – ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক, গণঅধিকার পরিষদ
স্মারকলিপিতে আরও অভিযোগ করা হয়, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে এবং ধীরে ধীরে আওয়ামী লীগকে পুনর্বাসনের পথ তৈরি করছে। এতে ক্ষোভ প্রকাশ করে গণঅভ্যুত্থনের অংশগ্রহণকারী পক্ষ হিসেবে সরকারের প্রতি ধিক্কার ও ঘৃণা জানানো হয়।





