স্টাফ রিপোর্টার | ১৪ নভেম্বর ২০২৫ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা-৬ আসনে ধানের শীষের মিছিল শুরুর আগে বক্তব্য রাখেন বিএনপির তরুণ নেতা ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন। তিনি বলেন, “আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওপর যে অত্যাচার-জুলুম-নির্যাতন করা হয়েছে, আমাদের নেত্রীকে তার বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, আমাদের নেতা তারেক রহমানকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে—এসবের পরও একটি রাজনৈতিক দল দাবি করছে যে তাদের নাকি আওয়ামী লীগের বিচারের বিষয়ে মায়া বিএনপির চেয়ে বেশি।”
তিনি বলেন, বিএনপি ইতোমধ্যে নির্বাচনের ট্রেনে উঠেছে এবং আগামী ফেব্রুয়ারিতে জনগণ নির্ধারণ করবে কে রাষ্ট্র পরিচালনার যোগ্য।
ইসরাক হোসেন আরও বলেন, “বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমরা যখন আন্দোলন করেছি, যারা আজ বড় বড় কথা বলছে তাদেরকে সেখানে পাইনি। আজ আমি কোনো দলকে আক্রমণ করতে আসিনি। তিন-চার দিন ধরে আপনারা দেখেছেন—পলাতক স্বৈরাচার পালিয়ে বিদেশে বসে গুপ্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এর দায় রাজনৈতিক দলের নেতাদেরই নিতে হবে, কারণ কেউ জাতীয় স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারেনি।”

আগামী নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন, “ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে সবকিছু জনগণের ওপর ছেড়ে দিন। আপনারা আপনাদের সংস্কার প্রস্তাব ও কর্মসূচি নিয়ে দ্বারে দ্বারে যান। জনগণ যাকে যোগ্য মনে করবে, তারাই রাষ্ট্র পরিচালনা করবে।”
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা ক্ষমতার জন্য লড়াই করি না। শহীদ জিয়ার লক্ষ্য ছিল বাংলাদেশকে বিদেশী আধিপত্য থেকে মুক্ত করে শক্তিশালী স্বাধীন রাষ্ট্রে পরিণত করা। যতদিন বেঁচে থাকব, জনগণের অধিকার ও বাংলাদেশের পক্ষে লড়াই চালিয়ে যাব।”
তিনি আরও বলেন, “যদি জনগণ আমাদের সুযোগ দেয়, দেশের সেবা করার চাকরি দেয়—তাহলে বিশ্বে স্বীকৃত বিএনপির ৩১ দফা বহু আগেই প্রমাণ করেছে আমরা দেশের সংস্কার চেয়েছি, যখন অন্যরা কেবল ক্ষমতার রাজনীতিতে ব্যস্ত ছিল।”
ধানের শীষের মিছিল শুরুর আগে ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন এ বক্তব্য রাখেন।






