স্টাফ রিপোর্টার | ১ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
সংযুক্ত আরব আমিরাত হরমুজ প্রণালিতে ইরানের সম্ভাব্য বাধা মোকাবিলায় বল প্রয়োগের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্রদের নিয়ে একটি সামরিক জোট গঠনের উদ্যোগও শুরু করেছে আমিরাত।
কর্মকর্তারা জানান, প্রণালিতে নৌ চলাচল অব্যাহত রাখতে আন্তর্জাতিক সমর্থন আদায়ের জন্য আমিরাত জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাসের চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে ইউরোপ ও এশিয়ার সামরিক শক্তিগুলোকেও এই জোটে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
আমিরাতের এক কর্মকর্তা বলেন, ইরানের শাসকগোষ্ঠী নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে পরিস্থিতিকে দেখছে এবং প্রণালিতে চাপ সৃষ্টি করে বৈশ্বিক অর্থনীতিকে প্রভাবিত করার কৌশল নিচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান আমিরাতে অবস্থিত মার্কিন অবকাঠামো লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।
তবে এ বিষয়ে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি কিছু অস্বীকার করেনি। তারা জানিয়েছে, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখতে আন্তর্জাতিকভাবে একটি বিস্তৃত ঐকমত্য তৈরি হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, আমিরাত যদি সরাসরি সামরিক পদক্ষেপ নেয়, তবে এটি উপসাগরীয় অঞ্চলে বড় ধরনের সংঘাতের সূচনা করতে পারে, যার প্রভাব বিশ্ব অর্থনীতিতেও পড়বে।
সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল





