হাতিয়ায় ধর্ষণের অভিযোগ তুলে নৈরাজ্য বন্ধের দাবি এনসিপি নেতা আসিফ মাহমুদের

নির্বাচন-পরবর্তী হামলা, লুটপাট ও ভয়ভীতি বন্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান; দোষীদের বিচারের দাবি

স্টাফ রিপোর্টার,১৪ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি

সংবাদ সম্মেলনে এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেছেন, নির্বাচন-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে তার দলের নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলা, ভয়ভীতি ও সহিংসতার ঘটনা ঘটছে। বিশেষ করে নোয়াখালীর হাতিয়ায় শাপলা প্রতীকে ভোট দেওয়ার অভিযোগে এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, অতীতের কিছু ঘটনার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে এবং নির্বাচনের আগেই কিছু বিতর্কিত ব্যক্তিকে প্রচারণায় সম্পৃক্ত করার মাধ্যমে নেতিবাচক বার্তা দেওয়া হয়েছিল। তার ভাষ্য, নির্বাচনে এনসিপি ও ১১ দলীয় জোটকে সমর্থন দেওয়া নারী ও তরুণ ভোটারদের লক্ষ্য করে বিভিন্ন এলাকায় হুমকি দেওয়া হচ্ছে।

আসিফ মাহমুদ আরও অভিযোগ করেন, কিছু এলাকায় কেন্দ্র দখল ও ফলাফল নিয়ে অনিয়ম হয়েছে। তিনি দাবি করেন, ঢাকাসহ বিভিন্ন স্থানে তাদের অন্তত ৫০ জন প্রার্থীকে পরাজিত দেখানো হয়েছে। তবে দল গণতান্ত্রিক প্রক্রিয়ার ভেতরেই তাদের আপত্তি ও দাবি জানাবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, নির্বাচনের আগে ও পরে সহিংসতার যেসব অভিযোগ উঠেছে, সেগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। শপথ গ্রহণের আগেই যে সহিংসতার অভিযোগ উঠেছে, তা বন্ধে অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তী সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, তারা একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ চান এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে অবস্থান অব্যাহত রাখবেন।