হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি পশ্চিমবঙ্গে আটক

বাংলাদেশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বনগাঁ এলাকা থেকে ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, ০৮ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

প্রতিরক্ষা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ হাদি হত্যা মামলার প্রধান দুই আসামিকে ভারতের পশ্চিমবঙ্গে আটক করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের কৌশলী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে দুই আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং আলমগীর হোসেন (৩৪)কে আটক করা হয়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, বাংলাদেশ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তার সাম্প্রতিক ভারত সফরের পর থেকে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে ভারতীয় কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়েছে।

তদন্তে জানা যায়, রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যা করে দুই আসামি মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর তারা ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করে এবং সুযোগ বুঝে আবার বাংলাদেশে ফিরে আসার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল।

বাংলাদেশ থেকে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ ও ৮ মার্চ মধ্যবর্তী রাতে ওই দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

এ ঘটনায় একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। আজ তাদের সংশ্লিষ্ট আদালতে হাজির করার পর পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

আইএসপিআর জানায়, এ বিষয়ে পরবর্তী তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।