স্টাফ রিপোর্টার | ১৩ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব। তিনি বলেন, গতকাল সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
তবে আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রামের দুটি আসনের ফলাফল প্রকাশ করা যাচ্ছে না। সে কারণে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়েছে।
ইসি সচিব জানান, জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রদত্ত ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ। অন্যদিকে গণভোটে ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। যে দুটি আসনের সংসদ নির্বাচনের ফল প্রকাশ করা হয়নি, সেখানে গণভোটের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা না থাকায় শতকরা হিসেবে কিছুটা পার্থক্য দেখা গেছে বলে তিনি উল্লেখ করেন।
প্রাপ্ত বেসরকারি ফল অনুযায়ী ২৯৭ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে ২০৯টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিসের একটি অংশ পেয়েছে একটি করে আসন। এছাড়া সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে আছেন বলে জানান তিনি।
গেজেট প্রকাশের বিষয়ে ইসি সচিব বলেন, রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে চূড়ান্ত ফলাফলের স্বাক্ষরিত কপি পাওয়ার পর তা যাচাই-বাছাই করে একত্রে গেজেট আকারে প্রকাশ করা হবে। হার্ডকপি বিশেষ বার্তাবাহকের মাধ্যমে পাঠানো হচ্ছে এবং সেগুলো হাতে পেলেই আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। সব আসনের কাগজপত্র পাওয়ার আগে গেজেট প্রকাশ সম্ভব নয়।
গণভোটের ফলাফলে তিনি জানান, সংশোধনের পক্ষে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। বিপক্ষে ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।
ইসি সচিব বলেন, আনুষ্ঠানিক গেজেট প্রকাশের পরই ফলাফল চূড়ান্ত বলে গণ্য হবে।





