স্টাফ রিপোর্টার | ৫ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ১৮ জেলার ৩০টি উপজেলায় বিশেষ হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। রোববার সকাল ৯টা থেকে একযোগে এ কার্যক্রম শুরু হয়।
এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা হাম-রুবেলার টিকা পাবে। আগে টিকা নেওয়া থাকলেও চলমান ক্যাম্পেইনে পুনরায় টিকা নেওয়া যাবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধন করেন।
তিনি জানান, বর্তমানে হামের পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যেসব এলাকায় সম্প্রতি হামের প্রকোপ বেশি দেখা গেছে, সেগুলোকে ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অন্তর্ভুক্ত জেলা ও উপজেলাগুলোর মধ্যে রয়েছে বরগুনা, পাবনা, চাঁদপুর, কক্সবাজার, গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোণা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, নওগাঁ, যশোর, নাটোর, মুন্সীগঞ্জ, মাদারীপুর, ঢাকা, ঝালকাঠি ও শরীয়তপুরের বিভিন্ন উপজেলা।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যেসব শিশু জ্বরে আক্রান্ত বা অসুস্থ রয়েছে, তাদের আপাতত টিকা না দিয়ে সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
টিকাদান কর্মসূচির পাশাপাশি জ্বর বা আক্রান্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে। তবে সুস্থ শিশুদের ক্ষেত্রে শুধুমাত্র টিকাই প্রদান করা হবে।
মন্ত্রী আরও বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। প্রাথমিকভাবে উচ্চঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে শুরু হলেও ধীরে ধীরে সারা দেশে সম্প্রসারণ করা হবে। আগামী জুলাইয়ের মধ্যে এটি নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে চালু থাকবে।





