“আরও একটি পাতানো নির্বাচন হলে তার পরিণতি ভালো হবে না”

প্রশাসনের প্রতি এনসিপির হাসনাত আব্দুল্লাহর আহ্বান, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রাখার অনুরোধ

স্টাফ রিপোর্টার,৭ ফেব্রুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

আবারও যদি একটি পাতানো নির্বাচনের চেষ্টা করা হয় এবং ব্যালট বাক্স ভরে জনগণের রায় কেড়ে নেওয়া হয়, তাহলে তার পরিণতি ভালো হবে না বলে মন্তব্য করেছেন এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, বাংলাদেশের মানুষ যখন জেগে ওঠে তখন তাদেরকে কামান, গোলাবারুদ কিংবা বিদেশি শক্তি দিয়েও ঠেকানো যায় না।

প্রশাসনের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি দাবি করেন, বিগত তিনটি নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে এবং নানা অনিয়মের ঘটনা ঘটেছে। এসব কার্যক্রমে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা সাক্ষী ছিলেন বলেও উল্লেখ করেন তিনি। তবে অনেক ক্ষেত্রে উপর মহলের নির্দেশে এসব করতে হয়েছে বলেও মন্তব্য করেন।

ইউনিফর্ম পরিহিত পুলিশ সদস্যদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা যারা মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, আমরা বিশ্বাস করতে চাই আসন্ন নির্বাচনে আর কোনো এসপি, ওসি বা কনস্টেবলের জন্য খাম রাখতে হবে না। কেউ যদি অবৈধ অর্থ দিতে চায়, তাহলে নিজের পরিবার ও দেশের মানুষের কথা মনে রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, প্রশাসনের প্রতি জনগণের যে অনাস্থা তৈরি হয়েছে, তা দূর করার এখনই সময়। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনতার পাশে দাঁড়িয়ে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

একটি দুর্নীতিমুক্ত ও তদবিরমুক্ত বাংলাদেশ গড়তে জনগণ ও প্রশাসনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা।