বিএনপির ইশতেহারে নারী, কৃষক ও বেকারদের অগ্রাধিকার: ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের ঘোষণা

ঢাকা-১৬ এ হাসপাতাল নির্মাণ ও ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতি তারেক রহমানের

স্টাফ রিপোর্টার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত নির্বাচনী ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরে দলটির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেন, নারীর ক্ষমতায়ন, শিক্ষার্থী, বেকার, প্রতিবন্ধী ও কৃষকদের অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, “আমরা উল্লেখ করেছি কিভাবে নারীদের সামনে এগিয়ে নেওয়া যায়, ছাত্রদের লেখাপড়ার সুযোগ বাড়ানো যায়, বেকারদের কর্মসংস্থান তৈরি করা যায় এবং প্রায় ৪০ লাখ প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো যায়।”

তারেক রহমান বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের শক্ত ভিত্তি প্রয়োজন। বিএনপি সরকার গঠন করতে পারলে ‘কৃষি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে কৃষকদের কাছে সরাসরি বীজ, সার ও প্রয়োজনীয় উপকরণ পৌঁছে দেওয়া হবে।

“সারা দেশে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছি।”

নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দেন তিনি। এর মাধ্যমে শহর ও গ্রামের খেটে খাওয়া পরিবার ও গৃহিণীদের নির্দিষ্ট আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনার কথা জানান।

“মা-বোনদের স্বাবলম্বী করতে না পারলে দেশের উন্নয়ন সম্ভব নয়।”

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় স্কুল থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছিল, যার সুফল আজও পাওয়া যাচ্ছে। এবার লক্ষ্য নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি।

ঢাকা-১৬ আসনের প্রার্থী আমিনুলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে।

“আমিনুল যে হাসপাতালের কথা বলেছে, বিএনপি সরকার গঠন করলে আমরা সেটি বাস্তবায়ন করব, যাতে এলাকার মানুষ নিজ এলাকায় চিকিৎসা পায়।”

বক্তব্যের শেষে তিনি বলেন, ১২ তারিখের নির্বাচনে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আন্দোলন ও সংগ্রামের পর দেশ পুনর্গঠনই হবে পরবর্তী সরকারের প্রধান লক্ষ্য।