স্টাফ রিপোর্টার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ৮টার মধ্যে সব ধরনের প্রচারণা কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, “আগামীকাল রাতের মধ্যেই আমাদের সব নির্বাচনী কার্যক্রম সমাপ্ত হবে।”
এক গণমিছিলে দেওয়া বক্তব্যে তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, তাদের উচ্ছ্বাস, উৎসাহ ও উদ্দীপনা দেখে তিনি আশাবাদী যে সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ব্যবধানে বিজয়ী হবে।
সালাউদ্দিন আহমেদ কর্মী-সমর্থকদের ভোটের দিন সক্রিয় থাকার আহ্বান জানিয়ে বলেন, “প্রত্যেকে ভোটকেন্দ্র পাহারা দেবেন। ভোটের ফলাফল হাতে নিয়ে তারপর কেন্দ্র ত্যাগ করবেন।” একই সঙ্গে শান্তি বজায় রাখা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ভোটকেন্দ্রে যাতে কোনো অনিয়ম না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। মা-বোনেরা যেন নির্বিঘ্নে নিজ নিজ পরিচয়ে ভোট দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করার কথাও উল্লেখ করেন তিনি।
গত ১৬ থেকে ১৭ বছরে জনগণ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি দাবি করে বিএনপির এই নেতা বলেন, এবারের ভোটের মধ্য দিয়ে দেশে নতুন যাত্রা শুরু হবে এবং শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। ভবিষ্যতে ভোটাধিকার, তত্ত্বাবধায়ক সরকার বা বৈষম্য নিরসনের দাবিতে আর রক্ত দিতে হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।
গণমিছিলের সমাপ্তি ঘোষণা করে উপস্থিত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান সালাউদ্দিন আহমেদ। বক্তব্যের সময় তিনি তার পরিবারের সদস্যদেরও উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন।
সভা শেষে স্থানীয় উন্নয়ন কাজের প্রতিশ্রুতিও দেন তিনি।





