নারীর ক্ষমতায়নে বিএনপি অনন্য, প্রতিদ্বন্দ্বী দল দ্বিচারিতা করছে: মাহাদী আমিন

নারী মনোনয়ন, ধর্মের অপব্যবহার ও নির্বাচনী অনিয়ম নিয়ে অভিযোগ; ভোটকেন্দ্রে পরিচয় নিশ্চিতের আহ্বান

স্টাফ রিপোর্টার, ৯ ফেব্রুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি

বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপিই একমাত্র দল যার দেশ পরিচালনার অভিজ্ঞতা ও বাস্তবসম্মত নীতি রয়েছে বলে দাবি করেছেন মাহাদী আমিন। তিনি বলেন, নারীর ক্ষমতায়নে বিএনপির ভূমিকা অনন্য।

তার ভাষ্য অনুযায়ী, নারীদের জন্য আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠা, গার্মেন্ট শিল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, সরকারি ও বেসরকারি খাতে কর্মক্ষেত্র সম্প্রসারণ, মেয়েদের জন্য বৃত্তি ও অবৈতনিক শিক্ষা নিশ্চিত করার মতো উদ্যোগ বিএনপি বাস্তবায়ন করেছে। এ কারণেই বেগম খালেদা জিয়াকে আন্তর্জাতিকভাবে নারীর ক্ষমতায়নের রোল মডেল হিসেবে দেখা হয় বলে মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী একটি রাজনৈতিক দল নারীদের বিষয়ে অশালীন বক্তব্য দিচ্ছে এবং তাদের অধিকার ও স্বাধীনতা সংকুচিত করতে চাইছে। তার দাবি, বিএনপি যেখানে সর্বাধিক নারী প্রার্থী মনোনয়ন দিয়েছে, সেখানে ওই দল একজন নারী প্রার্থীকেও মনোনয়ন দেয়নি।

মাহাদী আমিন আরও বলেন, একটি দল ধর্মের অপব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। জান্নাতের টিকিটের প্রলোভনসহ বিভিন্ন বক্তব্যের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলেন তিনি।

ইশতেহার প্রসঙ্গে তিনি বলেন, রাস্তায় এক ধরনের বক্তব্য দেওয়া হলেও প্রকাশিত ইশতেহারে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে, যা দ্বিচারিতার পরিচয় বহন করে।

তিনি আরও দাবি করেন, একটি সামাজিক অ্যাপের বিজ্ঞাপনের নামে একজন অভিনেতাকে ব্যবহার করে নির্বাচনী প্রচারণায় প্রতীক ব্যবহার করা হয়েছে, যা সংশ্লিষ্ট ব্যক্তি প্রতারণা হিসেবে উল্লেখ করেছেন।

ভোটারদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের নম্বর ও এনআইডি সংগ্রহ করে অর্থ প্রেরণের অভিযোগও তোলেন তিনি। ধর্মীয় অনুভূতি ব্যবহার করে ভোট প্রভাবিত করার চেষ্টা দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেন মাহাদী আমিন।

পোশাক ইস্যুতে তিনি বলেন, বোরখা ও নিকাব ধর্মীয় সংস্কৃতির অংশ এবং বিএনপি এ বিষয়ে শ্রদ্ধাশীল। তবে কেউ যদি ধর্মীয় পোশাক ব্যবহার করে ভুয়া পরিচয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করে, তা দুঃখজনক হবে।

তিনি বলেন, সন্দেহজনক ভোটারের ক্ষেত্রে এনআইডি কার্ড, পাসপোর্ট বা ছবির মাধ্যমে পরিচয় নিশ্চিত করতে হবে। নারী ভোটারের ক্ষেত্রে নারী প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার বা নারী এজেন্টের উপস্থিতিতে পরিচয় যাচাই নিশ্চিত করার আহ্বান জানান তিনি।