স্টাফরিপোর্টার:১০ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, এবারের ভোটে দুটি ব্যালটের মাধ্যমে ভোটাররা সিদ্ধান্ত দেবেন—একটি আগামী পাঁচ বছরের সরকার নির্ধারণে, অন্যটি দেশের দীর্ঘমেয়াদি রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর রূপরেখা ঠিক করতে।
তিনি বলেন, দুটি প্রক্রিয়া একসঙ্গে পরিচালনা করা বড় চ্যালেঞ্জ হলেও কমিশন ধাপে ধাপে প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্ধারিত ৩০০ আসনের মধ্যে এক প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনের ভোট স্থগিত করা হয়েছে। বাকি ২৯৯টি আসনে ভোটগ্রহণের সব প্রস্তুতি শেষ।
ইসি সচিব জানান, ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচন সামগ্রী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ফলে ভোটগ্রহণের আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং এখন নির্ধারিত সময়ের অপেক্ষা।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হবে। তিনি এ সময়টিকে দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।
কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা নিয়ে বিভিন্ন মহল থেকে আপত্তি ও পরামর্শ আসে। বিষয়টি পর্যালোচনা করে কমিশন ওই নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অংশ হওয়ায় বিষয়টি পুনর্বিবেচনা করা হয়েছে।
নির্বাচন কমিশন একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোট সম্পন্ন করার প্রত্যাশা করছে বলে জানান সচিব।





