কেন্দ্রজুড়ে কড়া নিরাপত্তা, সকাল থেকে চেকপোস্ট ও টহল

প্রতিটি ওয়ার্ডে ফুট ও মোবাইল পেট্রোল মোতায়েন • নিষেধাজ্ঞা অমান্য করা মোটরসাইকেল জব্দ • এখন পর্যন্ত অবৈধ সরঞ্জাম মেলেনি

স্টাফ রিপোর্টার,১১ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি

কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে সকাল থেকেই বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, এ কার্যক্রম দিন-রাত অব্যাহত থাকবে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, শুধু চেকপোস্ট নয়, প্রতিটি ওয়ার্ড ও প্রতিটি কেন্দ্রের পাশে নিয়মিত টহল চলছে। এমন কোনো কেন্দ্র নেই যেখানে টহল পৌঁছেনি। সদস্যরা সরাসরি উপস্থিত থেকে কেন্দ্র ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করছেন।

তল্লাশি কার্যক্রমে এখন পর্যন্ত কোনো অবৈধ সরঞ্জাম, অস্ত্র বা অপ্রীতিকর কিছু পাওয়া যায়নি। তবে সরকারের আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করা কয়েকটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাদের বিশেষ অনুমতি রয়েছে, কাগজপত্র যাচাই করে তাদের চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে।

নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী, যেসব এলাকায় বড় গাড়ি প্রবেশে সমস্যা হয় সেখানে ফুট পেট্রোল বা পায়ে হেঁটে টহল দেওয়া হচ্ছে। অন্য কেন্দ্রগুলো মোবাইল পেট্রোলের আওতায় রয়েছে। শতভাগ কেন্দ্র কাভার করার লক্ষ্যেই এ পরিকল্পনা সাজানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এছাড়া বিভিন্ন প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। কোনো ধরনের অবৈধ সরঞ্জাম বা অস্ত্র বহন করা হচ্ছে কি না, তা কঠোরভাবে যাচাই করা হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দাবি, এখন পর্যন্ত আজকের দিনে কোনো অবৈধ সরঞ্জাম পাওয়া যায়নি।