প্রথম ভোট দিলেন নাহিদ ইসলাম, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের আহ্বান

দলীয় ক্যাম্পে হামলার অভিযোগ; প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা চাইলেন, ফল যাই হোক জনগণের রায় মেনে নেওয়ার অঙ্গীকার

স্টাফ রিপোর্টার | ১২ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি

সকাল সাড়ে সাতটা থেকে ভোটগ্রহণ শুরুর পর রাজধানীর রহমতুল্লাহ কলেজ কেন্দ্রে নিজের জীবনের প্রথম ভোট প্রদান করেছেন নাহিদ ইসলাম। ভোট শেষে তিনি বলেন, শান্ত ও নীরব পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পেরে তিনি সন্তুষ্ট।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর পর দেশের মানুষ সুষ্ঠু নির্বাচনের সুযোগ পেয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করতে সবাইকে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে রায় দেওয়ারও আহ্বান জানান।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, কুড়িগ্রাম, নোয়াখালী, হাতিয়া এবং হাসনাত আব্দুল্লাহর এলাকাসহ কয়েকটি স্থানে দলীয় প্রার্থীদের ক্যাম্পে হামলা হয়েছে। ঢাকা-১১ আসনেও গত রাতে ভোটকেন্দ্র সংলগ্ন একাধিক ক্যাম্প বন্ধ করে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। তবে এসব প্রতিকূলতার মধ্যেও তারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছেন বলে জানান।

তিনি বলেন, তারা চান না ভোটের দিন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক। যারা বাধা সৃষ্টি করছে, জনগণ ব্যালটের মাধ্যমেই তাদের জবাব দেবে। প্রশাসন, সেনাবাহিনী ও গণমাধ্যমের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সবার দায়িত্ব।

এনসিপি নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী বলেও জানান নাহিদ ইসলাম। তবে জয় বা পরাজয়ের চেয়ে সুষ্ঠু নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ভোট সুষ্ঠু হলে জনগণের যে রায়ই আসুক, তা মেনে নেওয়া হবে।

তিনি আরও জানান, ভোটগ্রহণ শেষ হয়ে ফল ঘোষণা না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন এবং ভোটকেন্দ্র পাহারা দেবেন। এবার দেশি-বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমের উপস্থিতিতে নির্বাচনের প্রকৃত চিত্র স্পষ্ট হবে বলেও মন্তব্য করেন তিনি।