উৎসবমুখর নির্বাচন, জনগণ নির্বাচিত সরকার পাবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দিনভর ভোটের পরিবেশে সন্তোষ প্রকাশ; ১৫ বছরের আন্দোলনের পর জনগণের রায়কে স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি মহাসচিব

স্টাফ রিপোর্টার,১২ই ফেব্রুয়ারি ২০২৬, নিউ চ্যানেল বিডি

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের মানুষ আজ আনন্দের একটি দিন পেয়েছে। অনেকেই হয়তো ভাবেননি ভোট এত উৎসবমুখর হবে, কিন্তু ভোটারদের আগ্রহ ও উচ্ছ্বাস সারাদিনজুড়ে স্পষ্ট ছিল।

ভোটগ্রহণ শেষে প্রতিক্রিয়ায় তিনি জানান, এখন পর্যন্ত নির্বাচন খুব সুন্দর হয়েছে বলে তার কাছে মনে হয়েছে। বিকেল সাড়ে চারটা পর্যন্ত পরিস্থিতি ভালো ছিল উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, একটি সুন্দর ফলাফল আসবে এবং জনগণ তাদের নির্বাচিত সরকার ও পার্লামেন্ট পাবে।

মির্জা ফখরুল বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তাদের দীর্ঘ ১৫ বছর লড়াই করতে হয়েছে। সেই প্রেক্ষাপটে এবারের ভোটকে তিনি তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন।

সারাদিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সন্তোষ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, পরিবেশ চমৎকার ছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও ছিল দৃশ্যমান।

ভোটের ফলাফল ঘোষণার পর জনগণের রায় অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।