স্টাফ রিপোর্টার |১৩ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
ইসি সচিব জানান, বাংলাদেশের জাতীয় নির্বাচনের ২৯৭টি আসনের প্রাথমিক তথ্য অনুযায়ী বিএনপি ২০৯টি আসনে এগিয়ে রয়েছে। একই সময়ে জামায়াতে ইসলামী ৬৮টি আসন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, গণঅধিকার পরিষদ ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি, গণসংহতি আন্দোলন ১টি এবং আরও ৭টি আসনে স্বতন্ত্র প্রার্থী এগিয়ে রয়েছেন।
তিনি বলেন, “ফাইনাল রেজাল্ট শিট আমাদের রিটার্নিং অফিসারদের কাছ থেকে আসার পর তা বার্তাশিটের সঙ্গে মিলিয়ে যাচাই করা হবে। এরপরই গ্যাজেট নোটিফিকেশন প্রকাশ করা হবে। সব গ্যাজেট একসাথে পাবলিশ হবে, আলাদা আলাদাভাবে নয়।”
গণভোটের হা ভোটের বিষয়ে ইসি সচিব জানান, ভোটপ্রক্রিয়ায় ৪ কোটি ৮০ লক্ষ ৭৪ হাজার ৪২৯ জন মানুষ হা ভোট দিয়েছেন। একইসাথে তিনি উল্লেখ করেন যে চট্টগ্রামের দুটি আসনের ভোট গণনা আদালতের নির্দেশনার কারণে পারসেন্টেজে অন্তর্ভুক্ত করা হয়নি।
তিনি বলেন, “আমরা সমস্ত ডেটা বিশ্লেষণ করে প্রয়োজনীয় পরিসংখ্যান জনগণের সাথে শেয়ার করব। দায়িত্ব পালনের ক্ষেত্রে সচেতনতা ও গুরুত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি। তৎক্ষণাৎ তথ্য না দিলে ভবিষ্যতে বিশ্লেষণ ও উন্নয়ন কার্যক্রমে সহায়তা হবে না।”





