‘ঢাকা-১৪ আসনের ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচনের আবেদন ইসি-তে দাখিল’ — সানজিদা ইসলাম তুলি

ভোটগ্রহণ ও ফলাফল প্রক্রিয়ায় নানা অনিয়ম, দুর্নীতি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ; নিরপেক্ষ তদন্তের আহ্বান

স্টাফ রিপোর্টার |১৩ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি

সানজিদা ইসলাম তুলি জানান, সংসদীয় আসন ১৮৭, ঢাকা-১৪ নির্বাচনের প্রক্রিয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ভোটার প্রভাবিতকরণ, কেন্দ্রে বাধা প্রদর্শন এবং ভোট গণনা ও ফলাফল প্রণয়নের নানা অনিয়ম ঘটেছে।

তিনি বলেন, “নির্বাচনের সময়সূচি এবং ফাইনাল ফলাফলের প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম এবং দুর্নীতি ধরা পড়েছে। আমাদের গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ইসি-তে যথাযথ আবেদন দাখিল করা হয়েছে। আমাদের দাবি, ঢাকা-১৪ আসনের ফলাফল অবিলম্বে স্থগিত করা হোক, সংশ্লিষ্ট কেন্দ্রের ফলাফল বাতিলপূর্বক প্রয়োজনে পুনঃনির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা হোক।”

তিনি আরও উল্লেখ করেন, “ভোটারদের কেন্দ্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া, পোলিং এজেন্টদের স্বাক্ষর ব্যতীত ফলাফল শিট তৈরি, কেন্দ্রে ফলাফলের অমিল এবং নির্বাচন পূর্ব রাতে প্রতিদ্বন্দী প্রার্থীর আর্থিক প্রভাব বিস্তারসহ একাধিক অনিয়ম ঘটেছে। এই সকল ঘটনার তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।”

তিনি বলেন, “ভোটারদের সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ার সুরক্ষার্থে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া জরুরি। এটি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধ করা যায়।”