স্টাফ রিপোর্টার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ (সংসদীয় আসন ১৮৯) এলাকায় ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও ভোট কারচুপির অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আমিনুল হক। শুক্রবার তিনি নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং অফিসার বরাবর লিখিত আবেদন জমা দিয়ে ফলাফল স্থগিত ও বিতর্কিত কেন্দ্রগুলোতে পুনঃনির্বাচনের দাবি জানান।
আবেদনপত্রে তিনি অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। তার দাবি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে ভোটের আগের রাতে অর্থ বিতরণের ভিডিও প্রমাণ রয়েছে। এছাড়া পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ৪০টির বেশি কেন্দ্রে এজেন্টদের স্বাক্ষর ছাড়া ফলাফল শিট প্রস্তুত করা হয়েছে। কিছু ক্ষেত্রে ভোট গণনার আগেই ফলাফল শিটে স্বাক্ষর নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়। ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া এবং কয়েকটি কেন্দ্রে ভোট শুরুর আগেই সীল মারা ব্যালট বই পাওয়ার ঘটনাও আবেদনে তুলে ধরা হয়েছে।
আমিনুল হক জানান, ১ থেকে ২৯ নম্বর কেন্দ্র পর্যন্ত ঘোষিত মোট ভোটের সঙ্গে প্রিজাইডিং অফিসারদের সরবরাহকৃত ফলাফল এবং পোস্টাল ভোটের পরিসংখ্যানে বড় ধরনের অসঙ্গতি রয়েছে। সংবিধানের ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব হলেও তা রক্ষা হয়নি বলে তিনি মনে করেন।
এর আগে সহকারী রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানানো হলেও কোনো প্রতিকার না পাওয়ায় তিনি আরপিও-এর ৯১এ ধারা অনুযায়ী ফলাফল স্থগিত করে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন।





