স্টাফ রিপোর্টার | ১৩ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
ভোট গণনা প্রক্রিয়ায় একাধিক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ফলাফল স্থগিত রেখে পুনর্গনার দাবি জানিয়েছেন জামায়াতের এক প্রার্থী।
তিনি অভিযোগ করেন, ধানের শীষ প্রতীকের একাধিক বান্ডিলে ১০০টি ব্যালট পেপার না থাকলেও গণনায় তা ১০০ হিসেবে দেখানো হয়েছে। এছাড়া দাড়িপাল্লা প্রতীকের পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়ার পর ফলাফল শিট প্রস্তুত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, এজেন্টদের আপত্তি উপেক্ষা করে অনেক ক্ষেত্রে রেজাল্ট শিটের মূল কপি সরবরাহ করা হয়নি। ভোট গণনার মাঝপথে ফলাফল ঘোষণা বিলম্বিত করা হয় এবং পরবর্তীতে বিপক্ষ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।
তিনি বলেন, “গণনার শুরুতে ফলাফল স্বাভাবিকভাবে আসছিল। হঠাৎ এক-দুই ঘণ্টা ফলাফল সরবরাহ বন্ধ হয়ে যায়। সন্দেহ হলে আমরা তাৎক্ষণিক লিখিত অভিযোগ দিই। ভোট পুনর্গনা হলে প্রকৃত ফলাফল বেরিয়ে আসবে।”
প্রার্থী আরও জানান, সংশ্লিষ্ট কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। তার দাবি, ফলাফল ঘোষণা স্থগিত রেখে অবিলম্বে পুনর্গনার ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, “আমরা চাই স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন। জনগণের রায়ের সঠিক প্রতিফলন নিশ্চিত করতে পুনর্গনা জরুরি।”





