নির্বাচনের ফলাফলে সুস্পষ্ট কারচুপির অভিযোগ ১১ দলের

নির্দিষ্ট কয়েকটি আসনে ফল পরিবর্তনের দাবি; প্রয়োজনে রাজপথে নামার প্রস্তুতির কথা জানালেন নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার | ১৩ফেব্রুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি


সাম্প্রতিক জাতীয় নির্বাচনে ফলাফল ঘোষণার সময় সুস্পষ্ট কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছে ১১ দল। জোটের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ভোটগ্রহণ একটি পর্যায় পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও ফল প্রকাশের সময় নির্দিষ্ট কয়েকটি আসনকে টার্গেট করে ফল পরিবর্তন করা হয়েছে।

তিনি দাবি করেন, ঢাকা-১৩ আসনে বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং ঢাকা-৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেলসহ কয়েকজন গুরুত্বপূর্ণ প্রার্থীর ক্ষেত্রে পরিকল্পিতভাবে ফল পাল্টানো হয়েছে। প্রশাসনকে ব্যবহার করে কেন্দ্র দখল ও জোরপূর্বক ফল পরিবর্তনের অভিযোগও তোলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “পুরনো আমলে যেভাবে নির্বাচন হয়েছে, একই ধরনের প্রচেষ্টা এবারও দেখা গেছে। এভাবে রাষ্ট্র পরিচালনা করা হলে জনগণের নিরাপত্তা ও গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যায়।”

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের পরদিন থেকেই বিভিন্ন স্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের ওপর হামলা, বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও হুমকির ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

১১ দল ইতোমধ্যে এ বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, প্রয়োজনে রাজপথে নামার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। পাশাপাশি নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তিনি। কমিশনের ভূমিকার ওপরই জোটের চূড়ান্ত অবস্থান নির্ভর করবে বলে উল্লেখ করেন তিনি।

বক্তব্যে তিনি বলেন, প্রতিকূল পরিবেশের মধ্যেও জনগণ ব্যাপক হারে ভোট দিয়েছে। গণভোটে ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে দাবি করে তিনি বলেন, সংস্কার ও পরিবর্তনের পক্ষে জনগণের স্পষ্ট সমর্থন রয়েছে। তার দাবি, শেষ মুহূর্তে প্রায় ১০ শতাংশ ভোট কারচুপি করা হয়েছে, না হলে পুরো ফল ১১ দলের পক্ষেই যেত।

উল্লেখ্য, এসব অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।