গণভোটে ‘হ্যাঁ’ ভোটের জয়, সংস্কারের পক্ষে স্পষ্ট জনরায়: আলী রিয়াজ

৬০.৮৪ শতাংশ ভোটার অংশগ্রহণ, কাস্ট হওয়া ভোটের ৬৮.০৬ শতাংশ ‘হ্যাঁ’; রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে বাস্তবায়নের আহ্বান

স্টাফ রিপোর্টার | ১৪ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটার ‘হ্যাঁ’ ভোট দিয়ে প্রস্তাবসমূহের পক্ষে রায় দিয়েছেন বলে জানিয়েছেন আলী রিয়াজ। নির্বাচন কমিশনের হিসাবে, গণভোটে অংশ নেন ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ জন ভোটার, যা মোট ভোটারের ৬০.৮৪ শতাংশ।

এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়ে ৪ কোটি ৮২ লাখ ৬৬০টি, যা কাস্ট হওয়া ভোটের ৬৮.০৬ শতাংশ। ‘না’ ভোট পড়ে ২ কোটি ২১ লাখ ৭১ হাজার ৭২৬টি, যা প্রায় ৩১ শতাংশ। অংশগ্রহণের হার জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় প্রায় এক শতাংশ বেশি।

আলী রিয়াজ বলেন, এই রায়ে স্পষ্ট হয়েছে যে নাগরিকদের বৃহৎ অংশ পুরোনো ব্যবস্থায় ফিরে যেতে চান না। তারা রাষ্ট্রব্যবস্থায় সংস্কার ও পরিবর্তন চান। তিনি স্মরণ করিয়ে দেন, গণভোটের আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছিলেন, টেকসই জাতীয় রূপান্তর জনগণের সম্মতি ছাড়া সম্ভব নয় এবং দেশের ভবিষ্যৎ নির্ধারণে জনগণকে সরাসরি মত দেওয়ার সুযোগ দেওয়াই গণতান্ত্রিক পথ।

তিনি বলেন, গণভোটের ফলাফল কেবল সংখ্যার হিসাব নয়; এটি ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে প্রাণ দেওয়া ও আহতদের প্রতি দায়বদ্ধতার স্বীকৃতি। দীর্ঘ সময়ের সহিংসতা ও অস্থিরতার পুনরাবৃত্তি ঠেকাতে প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের জনআকাঙ্ক্ষার প্রকাশও এই রায়ে ফুটে উঠেছে।

গণভোটের প্রচার ও জনসচেতনতা তৈরিতে রাজনৈতিক দল, প্রশাসন, সিভিল সোসাইটি, বেসরকারি উন্নয়ন সংস্থা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জানান। জুলাই শহীদদের পরিবার, আন্দোলনের সংগঠনসমূহ, শিক্ষার্থী ও নাগরিক সংগঠনগুলোর ভূমিকাও বিশেষভাবে উল্লেখ করেন।

মিডিয়া ও সাংবাদিকদের প্রতিও ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তারা যেমন সাফল্য তুলে ধরেছেন, তেমনি সমালোচনার মাধ্যমে দুর্বল দিকেও নজর দিয়েছেন, যা গণতান্ত্রিক সমাজে গুরুত্বপূর্ণ।

সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে আলী রিয়াজ বলেন, ক্ষমতাসীন দল, সংসদে প্রতিনিধিত্বকারী দল এবং সংসদের বাইরে থাকা দলগুলোকে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে গণরায় কার্যকর করতে হবে। সিভিল সোসাইটি ও তরুণদেরও এই প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্য ও সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে অভিনন্দন জানান এবং দীর্ঘদিন পর ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনকে শান্তিপূর্ণ রাখার জন্য ভোটারদের ধন্যবাদ জানান।