ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে নির্বাচিত হওয়ায় কৃতজ্ঞতা জানালেন জুনায়েদ সাকি

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় গণতান্ত্রিক রূপান্তরের অঙ্গীকার পুনর্ব্যক্ত

স্টাফ রিপোর্টার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি, গণসংহতি আন্দোলনসহ যুগপৎ আন্দোলনের প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ায় বাঞ্ছারামপুরের জনগণের প্রতি শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ।

এক বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম, যুগপৎ আন্দোলন এবং রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ন্যায়বিচার, রাষ্ট্রসংস্কার ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল, তারই ধারাবাহিকতায় এই নির্বাচনে অংশ নেওয়া হয়েছে। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের আত্মত্যাগীদের স্মরণ করেন।

জুনায়েদ সাকি উল্লেখ করেন, দেশের মানুষের বহু প্রত্যাশার এই নির্বাচনে শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাররা। নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর ভূমিকাকেও তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন নির্বাচন সম্পন্ন করতে তাদের দায়িত্ব পালন করেছে বলেও মন্তব্য করেন তিনি। এ জন্য দেশবাসী, রাজনৈতিক দলসমূহ, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান তিনি।

তিনি বলেন, সারা দেশে যুগপৎ আন্দোলনের শরিকদের বিজয় জুলাই জাতীয় সনদের অঙ্গীকার বাস্তবায়ন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে আরও এগিয়ে নেবে। জনগণ রাষ্ট্রের শাসনব্যবস্থার পরিবর্তন, সংস্কার ও পুনর্গঠনের দায়িত্ব এই জোটের ওপর অর্পণ করেছে বলে উল্লেখ করেন তিনি। সংবিধান সংস্কার পরিষদ গঠন ও কার্যকর করার মাধ্যমে আগামী সংসদ এ দায়িত্ব পালন করবে বলেও আশা প্রকাশ করেন।

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের আন্তরিক পরিশ্রমের কথা উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের ভূমিকাও স্বীকার করেন।

জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু হবে উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের রাজনৈতিক শক্তিগুলো দেশের স্বার্থে আগামীতেও ঐক্যবদ্ধ থাকবে। দেশের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে জনগণের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন।