স্টাফ রিপোর্টার,১৫ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের ইতিবাচক রাজনীতির সূচনা করতে যাচ্ছে। দলটির চেয়ারম্যান তারেক রহমান আজ রোববার নির্বাচনী মাঠের প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন।
বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করে জানান, তারেক রহমান সন্ধ্যা ৭টায় প্রথমে জামায়াতের আমিরের বাসায় যাবেন। এরপর ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাবেন। তারেক রহমান নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাতে তাদের সঙ্গে দেখা করবেন।
গতকাল দুপুরে নির্বাচনের পর সংবাদ সম্মেলনে তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “নির্বাচনে একে অপরের বিরুদ্ধে কিংবা একদল আরেক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নির্বাচনের মাঠে কোথাও কোথাও ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তবে, এ ধরনের বিরোধ যেন প্রতিশোধ-প্রতিহিংসায় রূপ না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই।”
তিনি আরও বলেন, ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনার আহ্বান জানিয়েছেন।





