পরিস্থিতি স্বাভাবিক হলেই ধাপে ধাপে প্রত্যাবর্তন
স্টাফ রিপোর্টার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আয়োজিত ‘সিএএস দরবার’-এ সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে সেনাপ্রধান বলেন, দেশের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হলেই সেনাবাহিনী ধাপে ধাপে নিজ নিজ ব্যারাকে ফিরে যাবে। অনুষ্ঠানে দেশে কর্মরত সদস্যদের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
তিনি জানান, বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে সেনাবাহিনী মাঠে রয়েছে এবং প্রশাসন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করলেই তাদের দায়িত্ব শেষ হবে। সেনাবাহিনী কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, রাষ্ট্রের প্রয়োজনেই দায়িত্ব পালন করছে বলেও তিনি উল্লেখ করেন।
নির্বাচনি দায়িত্ব পালনের সময় সেনাসদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার প্রশংসা করে সেনাপ্রধান বলেন, “কঠিন ও সংবেদনশীল সময়ে সেনাবাহিনী যে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে, তা দেশের মানুষের আস্থা আরও দৃঢ় করেছে।”
বর্তমানে বিভিন্ন এলাকায় টহল ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং জননিরাপত্তা বজায় রাখাই তাদের প্রধান দায়িত্ব বলে জানানো হয়।
দেশবাসীকে শান্ত ও সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবার সহযোগিতায় দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে।





