স্টাফ রিপোর্ট, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান মাস গণনা করা হবে। সে অনুযায়ী আগামী ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।
আজ বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
সভায় ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও বিভাগীয় এবং জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়।
রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ রাতে ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবিহ নামাজ আদায় করবেন এবং রাতে সাহরি খেয়ে বৃহস্পতিবার থেকে সিয়াম পালন শুরু করবেন।
সভায় ধর্মমন্ত্রী বলেন, দেশ থেকে দুর্নীতি, অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম-নির্যাতন ও মাদক দূর করা সরকারের অন্যতম লক্ষ্য। এ জন্য তিনি গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করেন।
দেশবাসীকে আল্লাহর হুকুম অনুযায়ী চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, আল্লাহর নির্দেশ মেনে চললে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। তিনি সবাইকে রমজান মাসে নফল নামাজ আদায় ও দেশ ও জাতির কল্যাণে দোয়া করার আহ্বান জানান।
নিত্যপণ্যের বাজার অস্থিতিশীলকারী কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান ধর্মমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





