প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব পদে আতিকুর রহমান রুমনের চুক্তিভিত্তিক নিয়োগ

গ্রেড-২ বেতন স্কেলে নিয়োগ, প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত বহাল থাকবে দায়িত্ব

স্টাফ রিপোর্টার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জনাব আতিকুর রহমান রুমনকে মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। মঙ্গলবার জারি করা এ প্রজ্ঞাপনে জানানো হয়, গ্রেড-২ বেতন স্কেলের সর্বোচ্চ ধাপে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অন্য যে কোনো পেশা, ব্যবসা অথবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ কার্যকর হবে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে, যেটি আগে ঘটে, ততদিন তিনি দায়িত্ব পালন করবেন।

এতে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।