স্টাফ রিপোর্টার | ১৯ফেব্রুয়ারি ২০২৬ নিউজ চ্যানেল বিডি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা ও ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে স্বচ্ছতা এবং জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব।
বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার যেহেতু জনগণের ট্যাক্সের অর্থে পরিচালিত হয়, তাই প্রতিটি পয়সার হিসাব ও কাজের স্বচ্ছতা জনগণের সামনে তুলে ধরা আবশ্যক।
সভায় মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমের ওপর একটি উপস্থাপনা দেন।
বিগত সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পরিকল্পিতভাবে দুর্বল ও আস্থাহীন করা হয়েছে। কার্যকর প্রতিষ্ঠান ছাড়া একটি শক্তিশালী ও উন্নয়নমুখী রাষ্ট্র গঠন সম্ভব নয়। তাই প্রতিষ্ঠানগুলোকে পুনরায় সচল করে জনগণের আস্থা ফিরিয়ে আনার ওপর জোর দেন তিনি।
প্রধানমন্ত্রীর বার্তা পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার।
তিনি আরও বলেন, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র একে অপরের পরিপূরক। সবাই একসঙ্গে কাজ করলে সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
গ্রামের মানুষের কষ্টের কথা উল্লেখ করে কর্মসংস্থান সৃষ্টি ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে গ্রামীণ জীবনের মানোন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
এসময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নির্বাচনী ইশতেহার ও ঘোষিত ৩১ দফা কেবল রাজনৈতিক স্লোগান নয়, এটি জনগণের সঙ্গে সরকারের একটি সামাজিক চুক্তি। তিনি কর্মকর্তাদের দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।





