স্টাফ রিপোর্টার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
বাংলাদেশের ফাইনালে ভাগ্য যেন সহায় হচ্ছে না। গত নভেম্বরে কাতারে ছেলেদের রাইজিং স্টার্স এশিয়া কাপ ফাইনালে পাকিস্তান শাহিনসের কাছে সুপার ওভারে হেরেছিল বাংলাদেশ ‘এ’ দল। এবার থাইল্যান্ডে মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনালে ভারতের নারী ‘এ’ দলের কাছে ৪৬ রানে হারল বাংলাদেশ নারী ‘এ’ দল।
ব্যাংককের তেরডথাই ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রান তোলে ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.১ ওভারে ৮৮ রানে অলআউট হয় বাংলাদেশ।
তবে স্কোরলাইন যতটা একপেশে, ম্যাচের শুরুটা তেমন ছিল না। দারুণ বোলিং ও তীক্ষ্ণ ফিল্ডিংয়ে ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। অধিনায়ক ফাহিমা খাতুন ছিলেন অনবদ্য। ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ৪ উইকেট। ফাতেমা ও ফারজানাও একটি করে উইকেট তুলে নেন।
কিন্তু এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ভারত অধিনায়ক রাধা যাদব ও পাঁচে নামা তেজাল হাসাবনিস। দুজন মিলে ৫০ বলে ৬৯ রানের জুটি গড়ে চাপ সামলে নেন। রাধা ৩৬ রান করে আউট হলেও তেজালের অপরাজিত ৫১ রানে ভর করে লড়াইয়ের মতো সংগ্রহ দাঁড় করায় ভারত।
রান তাড়ায় শুরু থেকেই ধীরগতির ব্যাটিং আর নিয়মিত উইকেট পতনে চাপে পড়ে বাংলাদেশ। ওপেনার শামীমা সুলতানা (২০) ও শারমিন আক্তার (১৮) চেষ্টা করলেও কেউ ইনিংস বড় করতে পারেননি। অধিনায়ক ফাহিমা ১৪ রান করেন। দলের অন্য কোনো ব্যাটার ১০০–এর বেশি স্ট্রাইক রেটে খেলতে পারেননি।
ভারতের হয়ে প্রেমা ৩/১২, তনুজা ২/১১ ও সোনিয়া ২/২১ নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন।
উল্লেখ্য, মেয়েদের এই মহাদেশীয় টুর্নামেন্টের প্রথম আসর বসেছিল ২০২৩ সালে হংকংয়ে। সেবারও ফাইনালে বাংলাদেশের বিপক্ষে জিতেছিল ভারত। এবারও শিরোপা ধরে রাখল রাধা যাদবের নেতৃত্বাধীন দল।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত নারী ‘এ’ দল: ২০ ওভারে ১৩৪/৭ (তেজাল ৫১*, রাধা ৩৬, বৃন্দা ১৯; ফাহিমা ৪/২৫, ফাতেমা ১/১৯, ফারজানা ১/৩০)।
বাংলাদেশ নারী ‘এ’ দল: ১৯.১ ওভারে ৮৮ অলআউট (শামীমা ২০, শারমিন ১৮, ফাহিমা ১৪; প্রেমা ৩/১২, তনুজা ২/১১, সোনিয়া ২/২১)।
ফল: ভারত নারী ‘এ’ দল ৪৬ রানে জয়ী।
ফাইনালের সেরা: তেজাল হাসাবনিস।





