নিলামে আরও ১২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

রিজার্ভ শক্তিশালী করতে ফেব্রুয়ারিতে ডলার কেনা অব্যাহত রাখল কেন্দ্রীয় ব্যাংক

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে নিলামের মাধ্যমে আরও ১২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। রোববার অনুষ্ঠিত নিলামে ৮টি বাণিজ্যিক ব্যাংক অংশ নেয়।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, এ নিলামে কাট-অফ রেট ছিল প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা। সাম্প্রতিক সময়ে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ায় বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলারের সরবরাহ বেড়েছে। ফলে তারা অতিরিক্ত ডলার কেন্দ্রীয় ব্যাংকের কাছে বিক্রি করছে।

চলতি ফেব্রুয়ারি মাসে এখন পর্যন্ত মোট ১৪৪ কোটি ৮০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। আর চলতি অর্থবছরে নিলামের মাধ্যমে ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।

বিশ্লেষকদের মতে, বাজারে ডলারের দর স্থিতিশীল রাখা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতেই এ উদ্যোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক।