ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম অফিস, সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে র‌্যাঙ্ক ব্যাজ পরানো, সিজিএস ও পিএসও পদে নতুন নিয়োগ

স্টাফ রিপোর্টার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের অধীন প্রধানমন্ত্রী কার্যালয়ে অফিস করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সোমবার সকাল নয়টায় তিনি কার্যালয়ে পৌঁছালে সশস্ত্র বাহিনী প্রধানরা তাঁকে স্বাগত জানান। এ সময় তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

পরে তিনি পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতি পাওয়া দুই কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী।

এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। সদর দপ্তরের নতুন চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্ব পেয়েছেন সদ্য পদোন্নতি পাওয়া লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান।

রোববার সেনা সদর দপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সূত্র জানায়, এর আগে মো. মাইনুর রহমান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডে দায়িত্ব পালন করছিলেন। নতুন আদেশে তাকে সদর দপ্তরের সিজিএস করা হয়েছে।

অন্যদিকে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করা মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করা হয়েছে। পদোন্নতির পর তাকে সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।