স্টাফ রিপোর্টার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে এই পদে থাকা মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করা হয়।
আজ সোমবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য আইনজীবী আমিনুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হলো।
একই সঙ্গে মোহাম্মদ তাজুল ইসলামের পূর্ববর্তী নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।





