পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা

স্টাফ রিপোর্টার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে শুরুতে প্রতিমন্ত্রীর সঙ্গে এবং পরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

কূটনৈতিক সূত্রে জানা যায়, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, রপ্তানি বাজারে প্রবেশাধিকার, উন্নয়ন সহযোগিতা, শিক্ষা ও প্রযুক্তি খাতে অংশীদারিত্বের বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা, ইন্দো-প্যাসিফিক প্রেক্ষাপট এবং বৈশ্বিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়।

রোহিঙ্গা সংকট ইস্যুতেও আলোচনা হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রসঙ্গ উঠে আসে।

দুই পক্ষই পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।