স্টাফ রিপোর্টার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের কাজে কোনোভাবে অবৈধ হস্তক্ষেপ করা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এই কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের বৈধ কাজে বাধা দেওয়া যাবে না, তা রাজনৈতিক হোক বা সামাজিক। তবে পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করা হবে যাতে জনগণ কোনো হয়রানির শিকার না হয়।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী সময়ে শুধু পুলিশ নয়, এমন কোনো প্রতিষ্ঠান নেই যা ক্ষতিগ্রস্ত হয়নি। সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে ঘুরে দাঁড়াতে হচ্ছে। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। সেই মোটিভেশনাল ওয়ার্ক আমরা করছি।’
স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ‘আমি বিভিন্ন বিভাগে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো, তাদের সাহস জোগাবো এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য দিকনির্দেশনা দেবো। পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকে লক্ষ্য রেখেই এগিয়ে যেতে হবে।’





