নবীন কর্মকর্তাদের সততা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান শেখ রবিউল আলমের

সড়ক, রেল ও নৌপরিবহন খাতে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে তরুণদের সক্রিয় ভূমিকা জরুরি

স্টাফ রিপোর্টার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম নবীন কর্মকর্তাদের রাষ্ট্রের স্বার্থে নিজেকে নিবেদিত রেখে সততা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। আজ তিনি ৪৪তম বিসিএস (সড়ক ও জনপথ) ক্যাডারে নবযোগদানকৃত ৩২ জন কর্মকর্তার সাত দিনব্যাপী ইনডাকশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, প্রশিক্ষণ শেষে নবীন কর্মকর্তারা পুরোদমে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্র তাদের প্রকৌশলী হিসেবে গড়ে তুলেছে, যা সব সময় স্মরণ রাখতে হবে। তিনি অনৈতিক চর্চা পরিহার করে জনস্বার্থকে প্রাধান্য দেওয়ার গুরুত্বের ওপর জোর দেন।

তিনি আরও বলেন, “নির্মাণ কাজে অপচয় রোধ ও ব্যয়ের যৌক্তিকতা নিশ্চিত করা, অবকাঠামোগত উন্নয়নে স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীন কর্মকর্তাদের আন্তরিকতা ও সততাই হবে আমাদের মূল শক্তি।”

বিশেষ অতিথি প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, আগামীর বাংলাদেশ সবাইকে মিলেই গড়ে তুলতে হবে। তিনি সড়ক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেন এবং নিরাপদ, নির্বিঘ্ন চলাচলের আহ্বান জানান। অপর বিশেষ অতিথি প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান নবীন কর্মকর্তাদের মেধা ও কর্মদক্ষতা দিয়ে দেশকে সেবা করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, সিভিল সার্ভিস রুলস মেনে জনস্বার্থে কাজ করা প্রয়োজন। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাত দিনব্যাপী ইনডাকশন প্রশিক্ষণে নবীন কর্মকর্তাদের প্রশাসনিক কাঠামো, প্রকল্প ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা, আর্থিক শৃঙ্খলা ও নৈতিকতা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।