২ হাজার ৭০১ কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অস্ত্রের লাইসেন্স যাচাই, বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতার নির্দেশ

স্টাফ রিপোর্টার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি

পদ শূন্য থাকায় ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া শুরু করবে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আগের বিদ্যমান প্রক্রিয়ায় জরুরি ভিত্তিতে এ নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লটারির মাধ্যমে ওসি ও এসপি বদলি বা নিয়োগের যে প্রক্রিয়া চালু ছিল, তা সব ক্ষেত্রে কার্যকর হয়নি। কোথাও কোথাও প্রয়োজন ও দক্ষতার বিবেচনা যথাযথভাবে করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি। ভবিষ্যতে দক্ষতা ও প্রয়োজনের ভিত্তিতে বদলি ও পদায়ন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান।

২০০৬ সালে নিয়োগবঞ্চিত পুলিশের উপ-পরিদর্শক (এসআই)দের ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়েও আশ্বাস দেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের সময় যেসব অস্ত্রের লাইসেন্স ইস্যু করা হয়েছে, সেগুলো যাচাই করা হবে। লাইসেন্সধারীরা আইন অনুযায়ী যোগ্য কিনা তা খতিয়ে দেখা হবে।

তিনি আরও বলেন, পুলিশ আইনের বাইরে কোনো প্রটোকল দিতে পারবে না। পাসপোর্ট অফিসে সেবা নিয়ে হয়রানি বন্ধে বেসরকারি সহায়তায় আউটসোর্সিংয়ের পরিকল্পনাও সরকারের রয়েছে।