বিএনপি সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি শুরু ১০ মার্চ

প্রাথমিকভাবে ১৩ এলাকায় বিতরণের প্রস্তুতি

ছবি জীয়া সাইবার ফোর্স

স্টাফ রিপোর্টার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

বিএনপি সরকারের অন্যতম আলোচিত ও চ্যালেঞ্জিং প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির সূচনা আগামী ১০ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে। প্রাথমিকভাবে দেশের ১৩টি এলাকায় এই কার্ড বিতরণ করা হবে।

সরকারি সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ঢাকা মহানগরের বনানীর কড়াইল বস্তি ছাড়াও রাজবাড়ীর পাংশা, চট্টগ্রামের পতেঙ্গা, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, বান্দরবানের লামা, খুলনার খালিশপুর, ভোলার চরফ্যাশন, সুনামগঞ্জের দিরাই, কিশোরগঞ্জের ভৈরব, বগুড়া সদর, নাটোরের লালপুর, ঠাকুরগাঁও এবং নবাগঞ্জ এলাকায় কার্ড বিতরণ কার্যক্রম চালু হবে।

এই ‘ফ্যামিলি কার্ড’ মূলত নিম্নআয়ের পরিবারগুলোকে নির্দিষ্ট পণ্য ও সেবায় ভর্তুকি, খাদ্য সহায়তা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে ব্যবহৃত হবে বলে জানা গেছে। কার্ডধারীরা সরকারি নির্ধারিত পয়েন্ট থেকে ন্যায্যমূল্যে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবেন।

সংশ্লিষ্টরা বলছেন, একটি কেন্দ্রীয় ডাটাবেইসের মাধ্যমে উপকারভোগীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। কার্ড ব্যবস্থাকে ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে।

তবে কারা এই সুবিধা পাবেন, মাসিক বরাদ্দ কত হবে এবং দীর্ঘমেয়াদে এর অর্থায়ন কীভাবে হবে, সে বিষয়ে বিস্তারিত নীতিমালা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে এটি নিম্নআয়ের মানুষের জন্য বড় সহায়তা হতে পারে। তবে লক্ষ্যভিত্তিক বাছাই ও বিতরণ প্রক্রিয়া সঠিক না হলে সমালোচনার মুখেও পড়তে পারে কর্মসূচিটি।