স্টাফ রিপোর্টার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথমবারের মতো আসামি করার প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার সাক্ষীদের জবানবন্দিতে বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে শেখ হাসিনা, শেখ তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানকসহ তৎকালীন কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার নাম উঠে এসেছে।
চিফ প্রসিকিউটর বোরহান উদ্দিন জানিয়েছেন, এই তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। মামলায় মোট আসামির সংখ্যা প্রায় সাড়ে ৮০০ জন। মামলায় ১,২০০ সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত প্রায় ৩০০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দিতে নতুন করে কিছু নাম উঠে এসেছে বলে প্রসিকিউশন জানিয়েছে।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহ ও হত্যাকাণ্ডে বহু সেনা কর্মকর্তা নিহত হন। দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ এই ঘটনায় একাধিক মামলা দায়ের হয় এবং বিভিন্ন পর্যায়ে বিচার কার্যক্রম সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের মতে, সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে এবং মামলার পরবর্তী আপডেট আসলে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।





