স্টাফ রিপোর্টার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে পিলখানা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত প্রতিবেদন বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের নয়, বিশ্ব ইতিহাসের অন্যতম নৃশংস ঘটনা। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যারা জীবন দিয়েছেন, তারা চিরস্মরণীয় হয়ে থাকবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তৎকালীন সরকার এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করলেও তাদের প্রতিবেদন প্রকাশ করা হয়নি। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয় এবং সেই কমিশনের প্রতিবেদন এখন সরকারের হাতে রয়েছে।
তিনি বলেন, “আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করবো না। স্বাধীন তদন্ত কমিশন যে প্রতিবেদন দিয়েছে, সেটির সুপারিশগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।”
মন্ত্রী আরও জানান, কমিশনের প্রতিবেদনে প্রায় ৭০টির মতো সুপারিশ রয়েছে। এর মধ্যে অনেকগুলো বাস্তবায়নাধীন এবং বিচারাধীন মামলাগুলো আপিল ও উচ্চতর আদালতে রয়েছে। বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বাস দেন।
শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব গ্রহণ করেছে এবং পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করবে। যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
সালাউদ্দিন আহমেদ বলেন, “বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার যে কোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। সেনাবাহিনীকে দুর্বল করার উদ্দেশ্য যারা পোষণ করে, তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।”
অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিজিবির মহাপরিচালকসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শহীদ পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।
বিকেলে দোয়া মাহফিল ও ইফতার আয়োজনের পাশাপাশি আলোচনা সভার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রতিবেদন প্রকাশ করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরে সিদ্ধান্ত জানানো হবে।





