স্টাফ রিপোর্টার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
ঢাকা মহানগরীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৪৬ কেজি গাঁজা ও ৭০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের একটি দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রমনা সার্কেলের পরিদর্শক মো. জাকির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ঢাকা মেট্রো-ন-১২-৪৪৩২ নম্বরের একটি পিকআপযোগে কুমিল্লা সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ইয়াবার একটি চালান ঢাকায় আনা হবে। এ তথ্যের ভিত্তিতে ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ৯টায় রমনা সার্কেলের সমন্বয়ে একটি রেইডিং টিম গঠন করা হয়।
অভিযানকারী দল দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অবস্থান নেয়। পরে যাত্রাবাড়ী থানাধীন নিউ পূর্বালী মৎস্য ভাণ্ডারের সামনে ঢাকা-কুমিল্লা মহাসড়কে ঢাকা অভিমুখী উক্ত পিকআপটি এলে সেটিকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির সময় ২৩টি মুড়ির বস্তার নিচে লুকানো অবস্থায় ৪৬ কেজি গাঁজা ও ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় পিকআপের ড্রাইভিং সিটে থাকা মো. সোহেল রানা (৩২) কে আটক করা হয়। তার পিতা মো. নজর আলী ও মাতা মোসা. সাজেনুর বেগম। তার স্থায়ী ও বর্তমান ঠিকানা দিনাজপুর জেলার কাহারোল থানাধীন সুন্দরপুর ইউনিয়নের গন্ধরপুর গ্রামে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি জানান, তিনি কুমিল্লা সীমান্ত এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে ঢাকায় সরবরাহের উদ্দেশ্যে নিয়ে আসছিলেন। তিনি আরও স্বীকার করেন, দীর্ঘদিন ধরে মুড়ি পরিবহনের আড়ালে কুমিল্লা সীমান্ত থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় গাঁজা ও ইয়াবা পাচার করে আসছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পরিদর্শক মো. জাকির হোসেন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
স্বাক্ষরিত
(শামীম আহমেদ)
উপপরিচালক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)





