বাজার মনিটরিং জোরদার, সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর বার্তা: ইশরাকের

রমজান ও ঈদকে সামনে রেখে রাজধানীর পাইকারি বাজারে নজরদারি বাড়ানোর ঘোষণা

স্টাফ রিপোর্টার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর পাইকারি বাজারগুলোতে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ ও নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর পাইকারি বাজার পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, রোজা ও ঈদকে সামনে রেখে বাজার মনিটরিং কার্যক্রম চালানো হচ্ছে। অতীতে বাজার সিন্ডিকেট ও অবৈধ মজুদদারির মাধ্যমে বিভিন্ন খাদ্যদ্রব্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ভোগান্তি তৈরি করা হয়েছিল। এমন পরিস্থিতি যাতে আর সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই বাজার নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশের অধিকাংশ আমদানিনির্ভর ভোগ্যপণ্যের বাজার বড় কয়েকটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে রয়েছে, যাদের ‘মাফিয়া সিন্ডিকেট’ হিসেবে উল্লেখ করা হয়। এসব সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের দাম কারসাজি করে জনগণের ভোগান্তি সৃষ্টি করলে সরকার কঠোর অবস্থান নেবে।

একজন জনপ্রতিনিধি হিসেবে সংশ্লিষ্টদের সহযোগিতা করতে তিনি সেখানে গেছেন বলেও জানান। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এবং কোনো গোষ্ঠী যাতে বাজার অস্থির করতে না পারে, সেটিই সরকারের লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

ইতোমধ্যে কয়েকটি বাজার পরিদর্শন করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের মধ্যে রাখা হবে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করেই বাজার নিয়ন্ত্রণে কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

বাজারে অভিযান পরিচালনার সময় বাজার কমিটির বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, যা আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। ভোক্তা অধিকার অধিদপ্তর যেকোনো সময় অভিযান পরিচালনা করতে পারে এবং ব্যবসায়ী সমিতিও এ বিষয়টি অবগত আছে।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভোক্তা অধিকার অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় কাজ চালিয়ে যাওয়া হবে।