স্টাফ রিপোর্টার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বৈঠক করেছেন।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু এবং অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার। দেশের বিভিন্ন বড় প্রকল্পে চীনের বিনিয়োগ রয়েছে উল্লেখ করে তিনি ভবিষ্যতে এ দেশে বিনিয়োগের পরিমাণ আরও বাড়ানোর আহ্বান জানান।
তিনি বলেন, দেশে ছয়টি সার কারখানা রয়েছে। গ্যাসের অভাবে উৎপাদন বিঘ্নিত হচ্ছে। এলএনজি আমদানি করে সার কারখানা পরিচালনা করতে সক্ষম এমন বিনিয়োগকারীর খোঁজ করছে সরকার। উৎপাদিত সার সরকার কিনে নেবে বলেও জানান তিনি। একই সঙ্গে বন্ধ পাটকলগুলোতে চীনা বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান বস্ত্র ও পাটমন্ত্রী।
এ ছাড়া ডিজিটাল অবকাঠামো উন্নয়ন, ই-লার্নিং সেন্টার স্থাপন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উন্নয়নে চীনের সহযোগিতা কামনা করেন তিনি। এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী ভিত্তি পাবে বলে আশা প্রকাশ করেন।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ ম্যান্ডেট নিয়ে বিজয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এবং বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় খন্দকার আব্দুল মুক্তাদিরকে অভিনন্দন জানান।
তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টিতে চীন ভূমিকা রাখতে চায়। নির্বাচিত সরকারের আমলে প্রথম বড় বিনিয়োগ চীনই আনবে বলেও উল্লেখ করেন তিনি। আগামী পাঁচ বছরে বিএনপি সরকারের হাত ধরে বড় ধরনের পরিবর্তন আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রদূত।
এ সময় রাষ্ট্রদূত বাণিজ্যমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান এবং অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার উপস্থিত ছিলেন।





