১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত

প্রথম মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত, উপকৃত হবেন শস্য, মৎস্য ও পশুপালন খাতের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা

স্টাফ রিপোর্টার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি

সরকার ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে। এর লক্ষ্য দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতকে আরও শক্তিশালী করা।

মন্ত্রিপরিষদ সচিব জানান, কৃষকরা ১০ হাজার টাকা ঋণ নেওয়ার পর এর ওপর যে পরিমাণ সুদ হয়েছে, আসলসহ পুরো সুদ মওকুফ করা হবে। এতে আনুমানিক ১২ লাখ কৃষক সরাসরি উপকৃত হবেন।

তিনি বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা ঋণের দায় থেকে মুক্ত হয়ে নতুন উদ্যমে চাষাবাদে ফিরতে পারবেন। কিস্তির অর্থ সাশ্রয় হওয়ায় তারা উন্নত বীজ ও আধুনিক সেচ প্রযুক্তিতে বিনিয়োগ করতে পারবেন। এতে উৎপাদন বৃদ্ধি পাবে।

ঋণ মওকুফের ফলে কৃষকদের ঋণমান উন্নত হবে বলেও জানান তিনি। এতে তারা ভবিষ্যতে ব্যাংক থেকে স্বল্পসুদে কৃষিঋণ নিতে পারবেন এবং উচ্চসুদের মহাজনি ঋণের ওপর নির্ভরতা কমবে।

তিনি আরও বলেন, কৃষি উৎপাদন বাড়লে আমদানির ওপর নির্ভরতা কমবে। পাশাপাশি গ্রাম থেকে নগরমুখী অভিবাসন হ্রাস এবং গ্রামীণ মূল্যস্ফীতি কমার সম্ভাবনাও রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত কৃষকদের সুদসহ পাওনা রয়েছে প্রায় ১ হাজার ৫৫০ কোটি টাকা, যা এ মওকুফের আওতায় আসবে।