স্টাফ রিপোর্টার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
হবিগঞ্জে ১৮ মাস পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।
গত বৃহস্পতিবার বানিয়াচং উপজেলার আমীরখানি গ্রামের ইয়াকুব আলীর ছেলে মাহমুদুল হাসান বাদী হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।
মামলা দায়েরের পর বিজ্ঞ বিচারক আব্দুল মন্নান মামলাটি আমলে নিয়ে আগামী ৯ মার্চ আদেশের দিন ধার্য করেছেন।
মামলার বাদী মাহমুদুল হাসান নিজেকে ছাত্রদল কর্মী বলে দাবি করেছেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আঙ্গুর আলী বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মজিদ খান, হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মাহবুব আলী, হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন, বানিয়াচং উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী এবং হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সেলিমসহ মোট ৫৬ জন।
বাদী তার মামলার বিবরণীতে উল্লেখ করেন, ২০২৪ সালের ২৪ জুলাই শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের কাছে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে আসামিরা নির্বিচারে গুলি চালায়। এতে তিনি নিজেসহ আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হন বলে অভিযোগ করেন।
তবে অভিযোগের বিষয়ে আসামিপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।




