স্টাফ রিপোর্টার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
ঢাকার নাগরিক সমস্যা নিরসনে সমন্বিতভাবে কাজ করার কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলা, মশক নিধন কর্মসূচি জোরদার, রাস্তাঘাটের রক্ষণাবেক্ষণ এবং জলাবদ্ধতা সমস্যার সমাধানে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
শনিবার রাজধানীর নগরভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ইশরাক হোসেন জানান, আসন্ন ডেঙ্গু মৌসুমের আগে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নগরের বিভিন্ন সড়কের রক্ষণাবেক্ষণ এবং বর্ষা মৌসুমে সম্ভাব্য জলাবদ্ধতা নিরসন নিয়েও আলোচনা হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত সংসদ সদস্য ও প্রশাসকদের নাগরিক সেবা দ্রুত সচল করার নির্দেশ দিয়েছেন। দীর্ঘ সময় কার্যকর সরকার অনুপস্থিত থাকায় সেবা কাঠামো দুর্বল হয়ে পড়েছিল বলে উল্লেখ করেন তিনি। নাগরিকদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন।
সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, ২০২০ সালের ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিটি নির্বাচনে তিনি অংশ নিয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে ঢাকার নাগরিক সমস্যা নিয়ে কাজ করছেন। সামাজিক মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, তা তাঁর ব্যক্তিগত অভিপ্রায়। দল মনোনয়ন দিলে এবং দলীয় সিদ্ধান্ত হলে তবেই তিনি নির্বাচনে অংশ নেবেন বলে জানান। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, সংসদ সদস্যরা মন্ত্রীর দায়িত্ব পালন করলেও এখনই কোনো নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে বলে তিনি মনে করেন না। স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত সংসদে হবে এবং দলীয় মনোনয়নও দলই নির্ধারণ করবে।
সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী একটি রাজনৈতিক দলের অস্বাভাবিক ভোটপ্রাপ্তির অভিযোগও তোলেন ইশরাক হোসেন। তিনি বলেন, তাঁর আসনে অতীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বোচ্চ তিন হাজার ভোট পেয়েছিল, কিন্তু এবার তাদের প্রাপ্ত ভোট কল্পনার বাইরে। এ বিষয়ে ভোটার তালিকা যাচাইয়ের দাবি জানিয়ে তিনি বলেন, তালিকায় কোনো অনিয়ম বা ডুপ্লিকেশন রয়েছে কি না, তা খতিয়ে দেখা উচিত।
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটার তালিকা সংশোধনসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।





