স্টাফ রিপোর্টার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, “আসুন আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই, যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক দেবেন।”
শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সংসদে বিরোধী দল জামায়াতে ইসলামীর আমন্ত্রণে আয়োজিত ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইফতার অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমান একই টেবিলে বসে ইফতার করেন। তাদের সঙ্গে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
দাওয়াতের জন্য জামায়াতের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে, আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।”
তিনি বলেন, দেশের মানুষ অনেক প্রত্যাশা ও আশা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। বিশেষ করে বর্তমান সময়ে দলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সময় ধরে মানুষ জীবন দিয়েছে, নির্যাতন ও গুম-খুনের শিকার হয়েছে।
তিনি আরও বলেন, “এই ত্যাগের বিনিময়ে আমরা বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ ফিরে পেয়েছি। তাই প্রথমেই আমাদের আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা উচিত।”
ইফতার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও মঈন খান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এলডিপির সভাপতি অলি আহমদ, ডাকসু ভিপি সাদিক কায়েমসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, সংসদ সদস্য, বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





