স্টাফ রিপোর্টার, ১ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি
ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রোববার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ সময় তার কাছ থেকে বাংলাদেশিদের অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও সেখানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। ইরানের ঘটনার কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশিরা কী অবস্থায় আছে, সে বিষয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন তিনি।
রুমন বলেন, ইরানে হামলার জেরে মধ্যপ্রাচ্যকেন্দ্রীক অনেক ফ্লাইট বাতিল হওয়ায় বৈঠকে বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে। অন্যদিকে, হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়া যাত্রীদের দেখভাল কিভাবে করা হচ্ছে, সেটিও প্রধানমন্ত্রী সর্বাক্ষনিক তদারকি করছেন।
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী কাজ করছেন। বিমান প্রতিমন্ত্রী সকাল থেকে বিমানবন্দরে অবস্থান করছেন। এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রীও এই কাজে সর্বাক্ষনিক নিয়োজিত রয়েছেন।’
সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজ অফিসে আসেন। দিনের কর্মসূচি অনুযায়ী দুযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। অতিরিক্ত প্রেস সচিব জানান, ভূমিকম্প পরবর্তী দুযোর্গ মোকাবিলায় প্রধানমন্ত্রী একটি কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন।
বৈঠকের পর আসাদুল হাবিব দুলু জানান, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হবে। পরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন।





